সিদ্ধিরগঞ্জে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ০৫:২০ | আপডেট: ০২ আগস্ট ২০২০ | ০৫:৩৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলিতে শুভ (২৫) নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
শুভ নারায়ণগঞ্জ হাজীগঞ্জ এলাকার বশিরের ছোট ছেলে।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাঠানটুলি বাসস্ট্যান্ডে শুভকে তার বন্ধুরা এলোপাতাড়িভাবে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা শুভকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে শুভ মারা যায়।
শুভর চাচা মিলন জানান, রাতে শুভ কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়। রাত সাড়ে ১০টার পরে জানতে পারি শুভর বন্ধুরা শুভকে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে গছে। শুভ ব্রুনাই থেকে লকডাউনের কিছুদিন আগে ছুটিতে দেশে আসে। ফ্লাইট বন্ধ থাকায় সে যেতে পারেনি।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, রাতে যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে শুভ তার বন্ধু রিফাতকে চড় মারে। চড়ের প্রতিশোধ নিতে কিছুক্ষণ পরে রিফাত লোকজন নিয়ে শুভকে কুপিয়ে ফেলে রেখে যায়।
তিনি জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রিফাতকে আটকের চেষ্টা চলছে।
শুভর বাবা বশির জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করবেন।
- বিষয় :
- সিদ্ধিরগঞ্জ
- হত্যা
- প্রবাসী যুবক
- ঢাকা
- নারায়ণগঞ্জ