কক্সবাজারে শিল্প সচিব
কোনো অজুহাতে খাবার লবণ আমদানি করতে দেওয়া হবে না
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় লবণ মিল মালিকদের সঙ্গে বার্ষিক পর্যালোচনা সভায় শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। ছবি: সমকাল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ০৪:৪৫
শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেছেন, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী উভয়ের অধিকার সুরক্ষা করেই লবণ উৎপাদনে দেশ যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে স্থানীয় লবণ মিল মালিকদের সঙ্গে বার্ষিক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি কর্মকর্তা, বিসিক, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষি সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান লবণের মজুত, ন্যায্যমূল্য নির্ধারণ, লবণ মিল মালিক, প্রান্তিক চাষীদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, লবণ শিল্পের আড়ালে কোনো অজুহাতে খাবার লবণ আমদানি করতে দেওয়া হবে না। এ ব্যাপারে মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
সভায় অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে নানা মতামত তুলে ধরেছেন জানিয়ে শিল্প সচিব বলেন, সংশ্লিষ্টদের উত্থাপিত প্রস্তাবনা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে পর্যালোচনা করে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কক্সবাজারে জমি পেলে লবণ সংরক্ষাণাগার গড়ে তোলা হবে।
কক্সবাজার থেকে যানবাহনযোগে পরিবহনের সময় মহাসড়কে লবণপানি পড়ে পিচ্ছিলতার কারণে প্রতিনিয়ত সংঘটিত দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের কথা জানান ওবায়দুর রহমান।
- বিষয় :
- লবণ
- শিল্প মন্ত্রণালয়
- শিল্প সচিব
- আমদানি
