ধনু নদীতে নৌকা ডুবে নববধূসহ নিখোঁজ ৩
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ২২:০২
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ধনু নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে নববধূসহ তিনজন নিখোঁজ হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ যাত্রীরা হলেন- মাগুরী গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামনি (৫), মো. মোখলেছ মিয়ার নব বিবাহিতা স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রামের প্রয়াত আইয়ুব আলীর ছেলে নৌকার মাঝি হাসান আলী (৭০)। তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয়রা।
ইটনা থানার ওসি মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাগুরী গ্রামের হাসান আলী দুপুরের দিকে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে একই উপজেলার কুর্শি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়। আশপাশের লোকজন এসে নৌকার ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হন তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
এদিকে সোমবার কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করবে বলেও জানিয়েছে পুলিশ।
- বিষয় :
- নৌকাডুবি
- ধনু নদীতে নৌকাডুবি
- ঢাকা
- কিশোরগঞ্জ
- ইটনা