বগুড়ায় মান্না
মানুষ ভালো ভোট দেওয়ার অপেক্ষায় আছে
পথসভায় বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না। ছবি: সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | ২১:১৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ | ২১:১৭
বগুড়া-২ আসনের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন ঢাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্থানীয় আলিয়ারহাট ও বুড়িগঞ্জ এলাকায় পথসভায় বক্তব্য দেন তিনি।
এ সময় মান্না বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি, এবার মানুষ ভোট দিতে পারবে বলে ড. ইউনূস আজকের (বৃহস্পতিবার) ভাষণে নিশ্চয়তা দিয়েছেন। অনেক দিন পর মানুষ একটা ভালো ভোট দেওয়ার অপেক্ষায় আছে।
তিনি বলেন, চাঁন্দাবাজ, দখলবাজ, ধান্দাবাজ, দালালবাজদের আর ভোট দেওয়া যাবে না। যারা এসব করে, তাদের কাছে কোনো কল্যাণ আশা করা যায় না। তারা মুখে বলে এক, কাজে করে আরেক।
মান্না বলেন, কৃষকরা ফসলের উপযুক্ত মূল্য পাচ্ছেন না। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণের দামের সঙ্গে ফসলের দামের সামঞ্জস্য নেই। ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। নাগরিক ঐক্য ক্ষমতায় গেলে এ দেশের আয় না থাকা ছয় কোটি গরিব মানুষের প্রত্যেককে মাসিক এক হাজার করে টাকা দেবে। গরিব মানুষের জন্য চিকিৎসার স্থায়ী ব্যবস্থা করে দেবেন বলেও জানান তিনি।
মান্না আরও বলেন, গত ১৫ বছরে এ দেশ থেকে ১৫ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা এ দেশের মানুষের ট্যাক্সের টাকা লুটপাট করেছে। আর কাউকে এ দেশের টাকা লুটপাট করতে দেওয়া হবে না।
