ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মায়ের সঙ্গে খালার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

মায়ের সঙ্গে খালার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর
×

প্রতীকী ছবি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ | ১৮:০৮

মায়ের সঙ্গে খালার বাড়ি যাওয়ার পথে সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিল ছয় বছরের শিশু হাফেজ। ঠিক সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুক্রবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ইউছুফপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ দেবিদ্বার উপজেলার মোগসাইর (এগারোগ্রাম) এলাকার ওমানপ্রবাসী মো. আলী হোসেনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মা কুলসুম বেগমের সঙ্গে মুরাদনগরের ঘোষঘর গ্রামে খালার বাড়ি যাওয়ার উদ্দেশে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল হাফেজ। মায়ের পাশে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল শিশুটি। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা মাটি বোঝাই একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হাফেজকে চাপা দিয়ে চ‌লে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহত হাফেজের চাচা অটোরিকশাচালক মো. নবী হোসেন মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আনিসুর রহমান বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং শিশুটির লাশ উদ্ধার করা হয়ে‌ছে। ঘটনাটি তদন্তাধীন, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন

×