ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাগুরায় ভূমিকম্পের আতঙ্কে অসুস্থ শতাধিক পোশাক শ্রমিক

মাগুরায় ভূমিকম্পের আতঙ্কে অসুস্থ শতাধিক পোশাক শ্রমিক
×

ভূমিকম্পের কারণে আতঙ্কিত হয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন পোশাক কারখানার শ্রমিকরা। এসময় তাদের জরুরি চিকিৎসা দিয়ে জেলা হাসপাতালে নেওয়া হয়।। ছবি: সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ২২:১২

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে ভূমিকম্পের আতঙ্কে স্টাইলস্মিথ স্যান অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় প্রায় শতাধিক নারী ও পুরুষ কর্মী অসুস্থ হয়ে পড়েন।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ভূমিকম্প অনুভূত হলে ওই পোশাক কারখানার কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রাণভয়ে কারখানার দ্বিতীয় তলায় কাজ করা কর্মীরা ভবন থেকে নেমে রাস্তায় বেরিয়ে পড়েন।

এ সময় অনেক নারী কর্মীর মাথা ঘোরা ও বমি করতে শুরু করেন। দ্রুত তাদের কারখানা থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ রোগীর সংখ্যাও বাড়তে থাকে। এ কারণে দায়িত্বে থাকা চিকিৎসকদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে দেখা যায়। অসুস্থদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কয়েকজন রোগীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়।

পোশাক শ্রমিক শাহিনা আক্তার, সোনিয়া, বিথি খাতুন, আল আমিনসহ অনেকে বলেন, প্রতিদিনের মত আজও আমরা সকালে কাজে যোগদান করি। সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্পে গার্মেন্টসের ভবন কেঁপে ওঠে। এসময় আমরা ভবনের দ্বিতীয় তলা থেকে নেমে রাস্তায় বের হয়ে আসি। তখন আমরা স্বাভাবিক ছিলাম। কিছুক্ষণ পর আমরা আবার কাজে ফিরে যায়। তখন ভয়ে এবং আতঙ্কে অনেকেই বমি এবং মাথা ঘুরে পড়ে যান। অসুস্থদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রায় শতাধিক গার্মেন্টস কর্মী অসুস্থ হয়েছে বলে দাবি করেন তারা।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজমুস সাকিব জানান, অনেক লোক একসাথে কাজ করছিল, ভূমিকম্পের কারণে আতঙ্কিত হয়ে যাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। অনেক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এতে আমাদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয়। রোগীদের মধ্যে আতঙ্ক কাজ করছিল। তবে কারো শরীরে কাটাছেঁড়া, রক্তক্ষরণ বা শরীরে বড় ধরনের কোনও আঘাতের চিহ্ন নেই। কয়েকজন রোগীকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

মাগুরা ২৫০ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ বলেন, সারাদেশের মতো মাগুরাতে ভূমিকম্প অনুভূত হওয়ায় শ্রীপুর উপজেলা আমতৈল গ্রামের গার্মেন্টস কর্মীরা আতঙ্কিত হয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের মধ্যে কয়েকজনকে মাগুরা ২৫০ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে কোনও শ্রমিকের বড় ধরনের সমস্যা হয়নি।

স্যান অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টসের প্রশাসনিক প্রধান মো. আমান উল্লাহ জানান, যখন ভূমিকম্প হয়, তখন কর্মীরা বাইরে চলে আসে। আমি বাইরে এসে কর্মীদের সাথে কথা বলি। তখন কর্মীরা বলেন, আমাদের কোনও সমস্যা নেই, আমরা কাজে যোগদান করবো। তখনও কর্মীদের কোনও সমস্যা ছিল না। কিন্তু এর কিছুসময় পর আতঙ্কের কারণে অনেকে অসুস্থ পড়লে তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে পাঠানো হয়। গার্মেন্টস ভবনের কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুন

×