বাউলদের ওপর হামলা উগ্র ধর্মীয় মনোভাবের প্রকাশ: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সমকাল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ১৮:৩০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ | ১৯:২৯
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাউলদের ওপর হামলা মূলত উগ্র ধর্মীয় মনোভাবের প্রকাশ- এটি একেবারেই ঠিক নয়। এ ধরনের হিংসা-প্রতিহিংসা কারো জন্যই শোভন নয়। আমরা অবশ্যই একটি নিরপেক্ষ তদন্ত দাবি করছি।
বুধবার বিকেল সাড়ে তিনটায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় তিনি রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ দাবি ও সারাদেশে বাউলদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
বিএনপি মহাসচিব বলেন, বাউলদের ওপর হামলা ন্যক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির ধারক-বাহক বাউলরা মাঠে-ঘাটে গান গেয়ে বেড়ান। তাদের ওপর হামলা মূলত উগ্র ধর্মীয় মনোভাবের প্রকাশ- এটি একেবারেই ঠিক নয়। এ ধরনের হিংসা-প্রতিহিংসা কারো জন্যই শোভন নয়। আমরা অবশ্যই একটি নিরপেক্ষ তদন্ত দাবি করছি।
তিনি বলেন, ঢাকার কড়াইল বস্তিতে কয়েক হাজার মানুষ বসবাস করে। অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানকার মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে। দরিদ্র মানুষগুলোর জন্য এটি চরম আঘাত। তাই আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করে। সরকার যেন সুষ্ঠু তদন্ত করে অগ্নিকাণ্ডের সূত্রপাতের প্রকৃত ঘটনা বের করে আনে। যদি কোনও ব্যক্তি এর জন্য দায়ী হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মির্জা ফখরুল জানান, অগ্নিকাণ্ডের ঘটনা কোনও ষড়যন্ত্র বলে মনে করছেন না তিনি। তবে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন বিশেষ করে গার্মেন্টস ও ফ্যাক্টরিগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপ্রতুল্যতা এবং আইন না মেনে চলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সবকিছু মিলিয়ে সত্যিকার অর্থে যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে তাহলে এসব ঘটনা এড়ানো অনেক সহজ।
