ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অটোরিকশার দখলে স্কুলমাঠ সহশিক্ষা কার্যক্রম ব্যাহত

অটোরিকশার দখলে স্কুলমাঠ সহশিক্ষা কার্যক্রম ব্যাহত
×

দেবিদ্বারের খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে রাখা যানবাহন সমকাল

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ | ০৭:১৯

| প্রিন্ট সংস্করণ

দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল থেকেই বিদ্যালয়ের মাঠ দখল করে রাখে পিকআপ, অটোরিকশা আর হকাররা। মাঠে প্রায়ই রাখা হয় বিভিন্ন নির্মাণসামগ্রী। ফলে কয়েক বছর ধরে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের প্রাতঃকালীন সমাবেশ ও খেলাধুলা। এ ছাড়া বিদ্যালয়ের মাঠের ওপর দিয়ে অনবরত সিএনজিচালিত অটোরিকশা চলাচল করায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণিকক্ষের পাঠদান। দুর্ঘটনায় আহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।

শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে ২৫০ শিক্ষার্থী ও ১১ শিক্ষক রয়েছেন। কাছেই বাজার ও ইউনিয়ন পরিষদ কার্যালয় হওয়ায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠ অটোরিকশা, হকারদের দখলে থাকে। প্রায়ই বন্ধ থাকে সহশিক্ষা কার্যক্রম। প্রতিদিন সকাল থেকেই বিদ্যালয়ের সামনে সৃষ্টি হয় যানজট। যানবাহনের হর্ন, ভিড় এবং কোলাহলে শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা মাহনূর মরিয়ম জানায়, স্কুলের মাঠে সিএনজিচালিত অটোরিকশা রাখায় খেলাধুলা করতে পারে না তারা। সকালের সমাবেশ ও জাতীয় সংগীত পরিবেশনে সমস্যা হয়। শ্রেণিকক্ষের অন্য প্রান্তে টয়লেট হওয়ায় অটোরিকশার কারণে সেখানে যাতায়াত বাধাগ্রস্ত হয়। যানবাহনের শব্দ, হর্ন বাজানোর কারণে শ্রেণিকক্ষে পড়ালেখা করা যায় না। একই ধরনের সমস্যার কথা বলেছে শিক্ষার্থী আনাছ, ফাইজা, আমেনাসহ অনেকে।

সহকারী শিক্ষক খায়রুল ইসলাম সরকার ও লাইলী আক্তারের ভাষ্য, বিদ্যালয়ের মাঠটি অটোরিকশা আর পিকআপের দখলে থাকলে সকালে সহশিক্ষা কার্যক্রম চালানো যায় না। সড়ক আটকে যান চলাচল বন্ধ রেখে সমাবেশ করতে হয়। প্রায়ই মাঠে নির্মাণসামগ্রীসহ নানা কিছু রাখা হয়। এ ছাড়া মাঠের ওপর দিয়ে দ্রুতগতিতে যানবাহন চলাচল করায় এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থী অটোরিকশার ধাক্কায় আহত হয়েছে। মাঠে যানবাহন রাখতে চালকদের নিষেধ করলেও শোনেন না। শিক্ষকরা দূর থেকে আসেন বলে ভয়ে কিছু বলতেও পারেন না।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খলিলুর রহমান জানান, শ্রেণিকক্ষের মাত্র পাঁচ ফুট দূরেই সারিবদ্ধ করে সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে থাকে। অটোরিকশার ফাঁক দিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যাতায়াত করতে হয়, যা ঝুঁকিপূর্ণ ও অস্বস্তিকর। অটোরিকশা রাখার জন্য বিকল্প স্থান করে দেওয়া জরুরি।
বিদ্যালয়ের মাঠ দখল করে রাখা অটোরিকশার চালক জসিম উদ্দিন বলেন, ‘স্কুলের মাঠে অটোরিকশা রাখা ছাড়া কোনো উপায় নেই। বাজার, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন কাজে লোকজন আসে, তাদের জন্য আমরা মাঠে অপেক্ষা করি। আমরা কী করব, আমাদের জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই।’
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মুন্সীর ভাষ্য, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠে অটোরিকশা রাখে। অনেকে আবার নির্মাণসামগ্রী ও অন্যান্য সরঞ্জাম রাখে। চালকদের বারবার বললেও তারা কোনো কথা শুনছেন না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, বিদ্যালয়ের মাঠ দখল করে অটোরিকশা রাখা, এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইউএনওর সঙ্গে কথা হয়েছে, তিনি স্থায়ী সমাধান করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন

×