ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন শিল্পপতি বাসার খান
ফরিদপুর অফিস, বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ০৭:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ | ১২:০৯
| প্রিন্ট সংস্করণ
ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শিল্পপতি মো. আবুল বাসার খান। তিনি মধুখালীতে অবস্থিত রাজ্জাক জুট মিলের কর্ণধার। শুক্রবার রাতে ওই কারখানার সম্মেলন কক্ষে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এতে তিন উপজেলার দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
শিল্পপতি মো. আবুল বাসার খান বলেন, ‘জাতীয় নির্বাচন আর বেশি দূরে নয়। আগামী ফেব্রুয়ারির মধ্যে ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটবেলা থেকেই জনগণের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন লালন করেছি। সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চেয়েছি। সেই লক্ষ্য থেকেই আমি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি।’
আবুল বাসার খান উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের রাজ্জাক খানের ছেলে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে জীবনের শুরুতেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে আবুল বাসার খান বলেন, ‘ছাত্রজীবন থেকে রাজনীতি শুরু করি। জামালপুরে ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলাম। কিন্তু ছাত্রজীবন শেষে জীবন-জীবিকার লড়াইয়ে নেমে আর রাজনীতি করা হয়নি। তাই পরে কোনো রাজনৈতিক দলে জড়িত ছিলাম না।’
মাত্র ৪০০ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরুর কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্য করে আজ একটা ভালো অবস্থানে গিয়েছি। তিন-তিনবার সিআইপি নির্বাচিত হয়েছি। শিল্প প্রতিষ্ঠান করে মানুষের কর্মসংস্থান করেছি। সুখে-দুঃখে জনমানুষের পাশে থেকেছি।’
