সিলেটে আরও ১০৭ জনের করোনা শনাক্ত
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৬ আগস্ট ২০২০ | ১৩:২৬
সিলেট বিভাগে নতুন করে আরও ১০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে আরও ৫৮ জনের করোনা শনাক্ত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত সিলেটে ৩ হাজার ৭৬৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৩ জন। এই বিভাগে করোনায় ১৫১ জনের মৃত্যু হয়েছে। সিলেটে ১১১ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ১৩ জন করোনায় মারা গেছেন।
এদিন দু’টি ল্যাব মিলে সিলেট জেলায় নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জের ১৬ জন ও মৌলভীবাজারের ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলে এখন পর্যন্ত সিলেটে ৪ হাজার ৫৩৩ জন, সুনামগঞ্জে এক হাজার ৫৭১ জন, হবিগঞ্জে এক হাজার ২৪২ জন ও মৌলভীবাজারে এক হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের ল্যাবে ২৫০ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ২৪ জন, হবিগঞ্জের ১৪ জন ও সুনামগঞ্জের ২০ জন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, এদিন ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৪ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজারের ১২ জন রয়েছেন। সিলেট জেলার নতুন শনাক্তদের মধ্যে দুইজন চিকিৎসক রয়েছেন।
- বিষয় :
- করোনাভাইরাস
- করোনা শনাক্ত
- করোনায় আক্রান্ত
- সিলেট