সিলেটে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ১
দুর্ঘটনাস্থলে পড়ে আছে মোটরসাইকেলটি- সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ০৭:০৯ | আপডেট: ০৭ আগস্ট ২০২০ | ০৭:৫৭
সিলেট নগরীর চৌহাট্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম রাফি আহমদ (১৯)। তিনি নগরীর হাওয়াপাড়ার আলাউদ্দিনের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন শাহ আলম নামের এক যুবক। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ এতথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন এলাকায় মোটরসাইকেলকে ইট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো হ-১৪-৩৭৪৩) ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
পেশায় ফ্রিজ মেকানিক রাফি ও আলম যন্ত্রপাতি নিয়ে নগরীর রিকাবিবাজারের দিকে যাচ্ছিলেন। রাফি নগরীর হাওয়াপাড়া এলাকার একটি দোকানে কাজ করতেন। এই দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে সমর্থ হলেও চালক ও সহযোগী পালিয়ে যেতে সমর্থ হয়।
- বিষয় :
- মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা
- সিলেট