সুদানে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
কান্না থামছে না সবুজের বৃদ্ধ মায়ের
নিহত সবুজের স্বজনরা। ছবি-সমকাল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ০৪:৪৬
কান্না যেন থামছেই না সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় নিহত শান্তিরক্ষী লন্ড্রি কর্মচারী সবুজ মিয়ার (২৮) মা সখিনা বেগমের। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার বিলাপ করছেন তিনি।
গতকাল রোববার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট ভগবানপুর পূর্বপাড়ায় নিহত সবুজ মিয়ার গ্রামের বাড়ি গিয়ে দেখা যায় মাতম। সবুজ ছোট ভগবানপুর পূর্বপাড়ার মৃত হাবিদুল ইসলামের ছেলে।
কাঁদতে কাঁদতে সত্তরোর্ধ্ব সখিনা বেগম বলেন, ‘সবুজের বয়স যখন ২ বছর, তখন আমি স্বামী হারাই। অভাবের সংসারে অনেক কষ্ট করে দুই সন্তানকে বড় করি। সে কারণে কম বয়সেই সবুজ সেনাবাহিনীর চাকরিতে গিয়েছিল। সন্তানকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।’
চাচাতো ভাই ফিরোজ মিয়া বলেন, সবুজ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তার মৃত্যুতে পরিবারের বড় ক্ষতি হয়ে গেল।
সবুজের স্ত্রী নূপুর আক্তার বলেন, ‘মাত্র দেড় বছর আগে বিয়ে হয় আমাদের। সংসার ভালোমতো শুরুর আগেই স্বামীকে হারালাম। আমি সরকারের প্রতি আবেদন জানাই, যাতে দ্রুত স্বামীর লাশ দেশে ফেরত আনার ব্যবস্থা করে।’
- বিষয় :
- শান্তিরক্ষী বাহিনী
- সদস্য
- নিহত
- সেনা সদস্য
