ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বক্তব্য দিতে না দেওয়ায় আক্ষেপ শাহ জাফরের

বক্তব্য দিতে না দেওয়ায় আক্ষেপ শাহ জাফরের
×

বোয়ালমারীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে শাহ মোহাম্মদ আবু জাফর সমকাল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৫

| প্রিন্ট সংস্করণ

বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের দেওয়া সংবর্ধনায় বীর মুক্তিযোদ্ধারা ‘মন খুলে’ কথা বলতে পারেননি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে আক্ষেপ জানিয়েছেন মুক্তিযুদ্ধকালে বৃহত্তর ফরিদপুরের মুজিব বাহিনীর ফিল্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর। 

মঙ্গলবার সকালে বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা আলভী রহমান। 
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে না দেওয়ায় অসন্তোষ জানান শাহ মোহাম্মদ আবু জাফর। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আজকের দিনে বীর মুক্তিযোদ্ধারা মন খুলে কথা বলতে পারলে ভালো হতো। আসলে ইউএনও সাহেব বলেছেন তাদের কোনো নিষেধাজ্ঞা আছে বা কোনো বিষয় আছে। তাই অত্যন্ত সীমিত আকারের অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিদায় করা হলো। এটি আমার কাছে একটু খারাপ লেগেছে। ভবিষ্যতে মুক্তিযোদ্ধারা যাতে মন খুলে কথা বলতে পারে সে বিষয়ে আমি আবেদন জানাই।’

সংবর্ধনা অনুষ্ঠানে শাহ মোহাম্মদ আবু জাফরকে কথা বলতে না দেওয়ার বিষয়ে বোয়ালমারী ইউএনও এস এম রকিবুল হাসান জানান, ‘যেহেতু নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে, সেহেতু যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন (সম্ভাব্য প্রার্থী) তাদের বক্তব্যের সুযোগ দেওয়া যায় না।’

আরও পড়ুন

×