এনসিপি নেতা হান্নান মাসউদকে হত্যার হুমকি, গ্রেপ্তার যুবক
ইসরাত রায়হান অমি (মাঝে)
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ১২:১৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ | ১২:২৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ এবং তার কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে হত্যার হুমকিদাতা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ইসরাত রায়হান অমি (২০)। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরইশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দরোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসরাত রায়হান অমি চরইশ্বর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হাতিয়া থানায় তিনটি মামলা রয়েছে।
জানা যায়, শুক্রবার রাতে ইসরাত রায়হান অমি এক এনসিপি কর্মীর ফেসবুক মেসেঞ্জারে চরম উসকানিমূলক বার্তা পাঠান। ওই বার্তায় তিনি লেখেন, ‘‘আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসউদ ও তানভীরসহ অন্যান্য নেতাদের হাতিয়ার উত্তর অঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়া হবে।’’ বার্তায় আরও হুমকি দেওয়া হয়, ‘সরাসরি গিলে খেয়ে ফেলবে আমাদের নেতা-কর্মীরা।’
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসরাত রায়হান অমিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান। সামাজিক যোগাযোগমাধ্যমে বা সরাসরি উসকানিমূলক বক্তব্য দিয়ে যারা পরিবেশ অশান্ত করার চেষ্টা করবে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- হান্নান মাসউদ
- হত্যার হুমকি
- এনসিপি
- গ্রেপ্তার
