ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নোয়াখালীতে চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৫

নোয়াখালীতে চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৫
×

হাতিয়া থানা। ছবি-সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৯:০১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাৎক্ষণিকভাবে পুলিশ নিহত একজনের নাম ঠিকানা জানাতে পারলেও অপর ৪ জনের নাম ঠিকানা জানাতে পারেনি।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নাম-পরিচয় পাওয়া একজন হলেন আলাউদ্দিন (৩৫)। তার বাড়ি উপজেলার সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামে। তার বাবার নাম মহিউদ্দিন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় জড়িতদের আটক ও নিহতদের মরদেহ উদ্ধার করতে পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী জাগলার চরের বেশ কিছু জমি দখল ও বিক্রি করে দেন। এরপর সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী জাগলার চরের জমির পুনরায় দখল নিতে মরিয়া হয়ে উঠে। একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। এরপর দুটি গ্রুপ আলাদা আলাদা ভাবে চরের জমি দখল করে বিক্রির চেষ্টা চালায়।

এলাকাবাসীর অভিযোগ, চরে আধিপত্য বিস্তার ও চর দখলে নিয়ে আলাউদ্দিন ডাকাত ও কোপা সামছু বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে উভয় পক্ষ আজ মঙ্গলবার সকাল ১০টার দিতে জাগলার চরে মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের গুলিতে ৫ জন নিহত হন। এদের মধ্যে আলাউদ্দিনকে (৩৫) উদ্ধার করে মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ৪ জনের মরদেহ ঘটনাস্থলে পাওয়া গেলেও তাদের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।

ওসি মো. সাইফুল আলম মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বলেন, জাগলার চরে চর দখলকে কেন্দ্র করে আলাউদ্দিন ডাকাত ও কোপা সামছু বাহিনীর সাথে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত আছেন। নিহত ১ জনের পরিচয় পাওয়া গেছে। বাকি ৪ জনের মরদেহ উদ্ধার করে থানায় আনতে পুলিশ ঘটনাস্থল রয়েছে। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, চর দখল নিয়ে গুলির ঘটনায় আলাউদ্দিন বাহিনীর গুলিতে ৪ জন ও প্রতিপক্ষের গুলিতে আলাউদ্দিন নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে। 

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন দুপুর ২টার দিকে আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে হাতিয়া থেকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। 
 

আরও পড়ুন

×