রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ | ২১:২৯
‘শতবর্ষের আহ্বানে, বিজয়ের জয়গানে, এসো মিলিত হই শেকড়ে’ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, কৃতি শিক্ষার্থীদের স্মারক ও ক্রেস্ট প্রদান, দোয়া মাহফিল, আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ, রেফেল ড্র ইত্যাদি।
ডুয়েটের প্রফেসর প্রকৌশলী ড. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কর্নেল অব: ডা. আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ডা. কায়েম উদ্দিন, প্রকৌশলী শফিকুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফি উদ্দীন, দাতা সদস্য শামীম আহমেদ তালুকদার, উদযাপন কমিটির আহবায়ক মাহফিজুর রহমান, সদস্য সচিব কামরুল ইসলাম প্রমুখ।
শতবর্ষের এ অনুষ্ঠানে বিদ্যালয়ের নবীন, প্রবীন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে দেখা হতেই আবেগাপ্লুত হয়ে পড়েন। জীবনের কর্মব্যস্ততায় এ দেখা যেন তাদের হাজার বছর পর।
