ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংঘর্ষে বৈষম্যবিরোধীর সাবেক দুই ছাত্রনেতা আহত

সংঘর্ষে বৈষম্যবিরোধীর সাবেক দুই ছাত্রনেতা আহত
×

সোহেল রানা ও আরিয়ান ইসলাম

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ২২:১৮ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ | ১৯:৫৬

ফরিদপুরে এক সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা আহত হয়েছেন। তারা এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত দু'জন হলেন- সোহেল রানা ও আরিয়ান ইসলাম কাইয়ুম। সোহেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং আরিয়ান ইসলাম যুগ্ম সদস্যসচিব ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চর কমলাপুর এলাকায় হেযবুত তাওহীদ ফরিদপুর জেলা শাখার আয়োজনে সংগঠনের ইমাম মোহাম্মদ হোসাইন সেলিমের বক্তব্য মাইকে প্রচার করা হচ্ছিল। এসময় ঘটনাস্থলে উপস্থিত কিছু ব্যক্তি তাতে বাধা দিলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাধাদানকারীরা সোহেল ও আরিয়ানকে ঘটনাস্থলে ডেকে নেয়। তখন আবারও হেযবুত তাওহীদের সদস্যদের সঙ্গে বাধাদানকারীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন সোহেল ও আরিয়ান। 

হেযবুত তাওহীদের ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ‘পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের ইমামের পক্ষে প্রচারণা চালাচ্ছিলাম। এসময় আমাদের ওপর হামলা করা হয়।’ 

ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র কাজী জেবা তাহসিন বলেন, ‘দুই ছাত্রনেতার ওপর হামলা করেছে হেযবুত তাওহীদ।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

×