ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুবদল কর্মীর কাছে চাঁদা চাওয়ায় পিটুনি বিএনপি কর্মীকে 

যুবদল কর্মীর কাছে চাঁদা চাওয়ায় পিটুনি বিএনপি কর্মীকে 
×

বিএনপির কর্মী আতাবুর রহমান

রাজশাহী ব্যুরো 

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬ | ০২:৪৮

রাজশাহীর পবায় সড়ক সংস্কার কাজ চলার সময় এক যুবদল কর্মীর কাছে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন আতাবুর রহমান নামে এক বিএনপি কর্মী। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নওহাটা কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। পিটুনির শিকার আতাবুর নওহাটা পৌরসভার বাঘাটা মহলের বাসিন্দা। তিনি নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ মকবুল হোসেনের অনুসারী। 

ওই যুবদল কর্মীর নাম আজাদ আলী। মূল ঠিকাদারের কাছ থেকে সেখানে মাটি কাটার কাজ পেয়েছেন তিনি। আহত আতাবুরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, নওহাটা কলেজ মোড় এলাকায় একটি রাস্তার কাজ চলছে। আজাদের অভিযোগ, কাজ শুরুর পরই আতাবুর তার কাছে চাঁদা চাইতে শুরু করে। আজই কাজ শুরু করেছি জানালে আতাবুর টাকা না দিলে ভেকু গাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেয়। চাঁদা নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে পিটিয়েছে।

আজাদ জানান, ঘটনার পর তিনি ও তাঁর ব্যবসায়িক অংশীদার বিপ্লব হোসেন পবা থানায় যান। এটি দেখে আতাবুর তাঁর লোকজন নিয়ে এসে থানার সামনেই তাদের মারধর করেন। সন্ধ্যায় তারা থানাতেই ছিলেন। পুলিশ উভয়পক্ষকে মীমাংসা করে নিতে বলছে। 

আজাদের অভিযোগ, আতাবুর মাদকের ব্যবসা করেন। ৫ আগস্টের পর তিনি এলাকায় ব্যাপক চাঁদাবাজি করেছেন। তাঁকে বিএনপির কেউ কেউ প্রশ্রয় দেন।

জানতে চাইলে নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আজাদ যুবদল কর্মী, আতাবুরও বিএনপি কর্মী। চাঁদা চাইতে যাওয়ার তো মানে হয় না। ৫ আগস্টের পর আতাবুর মানুষকে অত্যাচার করেছে। যাকে-তাকে বলে, তুই আওয়ামী লীগ। যারা আতাবুরকে শেল্টার দেয়, তারা ভাগ খেয়ে বসে থাকে।’ 

আতাবুরের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। পবা থানার ওসি আব্দুল মতিন বলেন, মারামারির কথা জানতে পেরেছি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। 
 

আরও পড়ুন

×