যুবলীগকর্মী ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে গ্রেপ্তারের অভিযোগ
ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | ২১:০৪
বরিশালের গৌরনদীতে যুবলীগকর্মী ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবা শাহজাহান হাওলাদারকে (৬০) গ্রেপ্তারের অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার উপজেলার বার্থি ইউনিয়নের সাদ্দাম বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান।
গ্রেপ্তার শাহজাহান ওই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ধানডোবা খ্রিষ্টান মিশনের বয়েজ হোস্টেলের নৈশ প্রহরীর চাকরি করেন।
বাজারের একাধিক ব্যবসায়ী জানান, সাদ্দাম বাজারে শাহজাহানের ছেলে শামীমের মুদি দোকান রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধায় শাহজাহান ছেলের দোকানে বসে ছিলেন। তখন শামীম দোকানে ছিলেন না। পুলিশ এসে শামীমকে না পেয়ে শাহজাহানকে ধরে নিয়ে যায়।
শাহজাহানের আরেক ছেলে ফয়সাল হাওলাদার জানান, তার বাবা সাদ্দাম বাজারের পুরনো ব্যবসায়ী। তিনি কোনও রাজনীতির সঙ্গে জড়িত নেই। তার ভাই শামীম হাওলাদার যুবলীগের সমর্থক ছিল। তবে তার কোনও পদ-পদবি কিংবা মামলা নেই। গত বৃহস্পতিবার সন্ধায় পুলিশ এসে শামীমকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা শুক্রবার ধর্মঘট করেছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল সমকালকে বলেন, শাহজাহানকে ডেভিট হান্টের একটি মামলায় সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
