ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রাপ্তবয়স্ক দেখিয়ে ২ কিশোরকে জেল

প্রাপ্তবয়স্ক দেখিয়ে ২ কিশোরকে জেল
×

প্রতীকী ছবি

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ০৮:৩৭ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ | ০৯:৪১

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে দাখিল পড়ুয়া কিশোর শিক্ষার্থীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে আদালতে চালান করে বায়েজিদ থানা পুলিশ। আদালত পুলিশ রেকর্ড দেখে দুই কিশোরকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়ে চট্টগ্রাম কারাগারে পাঠায়। আদালতে জমা দেওয়া রেকর্ডে পুলিশ দুই কিশোরের বয়স ১৮ বছর দেখালেও বাস্তবে তাদের বয়স ১৫ বছর ৩ মাস ও ১৫ বছর ৭ মাস। 

গতকাল সোমবার অপ্রাপ্তবয়স্ক এ দুজনের জন্মনিবন্ধন এবং বিদ্যালয়ের রেকর্ড আদালতে জমা দিয়ে জামিন ও প্রবেশন চাইলেও আদালত তা নামঞ্জুর করেন। চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। ফলে দুই কিশোরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রাপ্তবয়স্ক বন্দিদের সঙ্গে থাকতে হচ্ছে।

গত শনিবার চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার এসআই সহিদুল ইসলাম দুই কিশোরকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে আদালতে পাঠান। তাদের আইনজীবী সৌরভ চৌধুরী জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পুলিশ দুই কিশোরকে আদালতের হাজতখানায় নিয়ে আসে। বিচারক তাদের বক্তব্য না শুনে কেবল পুলিশের বক্তব্য শুনেই খাস কামরায় বসে ১৫ দিন করে সাজা দেন। ১১ জানুয়ারি দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি অবগত করলেও আদালত বক্তব্য আমলে নেননি।

বায়েজিদ থানার এসআই সহিদুল ইসলাম বলেন, আটকের পর দুই আসামিই বলেছে তাদের বয়স ১৮। তাই এ বয়স উল্লেখ করেই আদালতে পাঠানো হয়েছে। এখানে পুলিশের কোনো ভুল নেই। 

আদালতে দাখিল করা নথিপত্রে দেখা যায়, এক কিশোর বায়েজিদ কুঞ্জছায়া আবাসিক এলাকার দশম শ্রেণির শিক্ষার্থী। তার রোল নম্বর ২১। জন্মনিবন্ধন অনুযায়ী এ কিশোরের বর্তমান বয়স ১৫ বছর ৩ মাস। ২০১০ সালের ২০ অক্টোবর তার জন্ম। অপর কিশোরও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। জন্মনিবন্ধন অনুযায়ী তার বর্তমান বয়স ১৫ বছর ৭ মাস। 
 

আরও পড়ুন

×