মেহেন্দিগঞ্জে নদীতে নিখোঁজের ১০ দিন পর ৩ জেলের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ০৫:১০
বরিশালের হিজলা উপজেলা মেঘনা নদীতে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার হয়েছে। নৌকা ডুবে গত ১০ জানুয়ারি থেকে ৪ জন নিখোঁজ ছিলেন। ১০ দিন পর মঙ্গলবার ৩ জেলের মরদেহ উদ্ধার হয়।
তারা হলেন, হিজলা উপজেলার পালপাড়া এলাকার বাসিন্দা সাগর মীরের ছেলে শাহীন মীর (২০), একই এলাকার জাহাঙ্গীর বেপারীর ছেলে নয়ন বেপারী (১৯) এবং বাথুয়া গ্রামের কাদের সিকদারের ছেলে আরিফ সিকদার (১৯)।
নিখোঁজ রয়েছেন পালপাড়া গ্রামের মনির সিকদারের ছেলে শাহীন সিকদার (১৮)।
হিজলার কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, মেঘনা নদীতে ১০ দিন আগে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেলে মধ্যে ৩টি মরদেহ ভেসে উঠলে জেলেরা উদ্ধার করে। নিহতদের পরিবার লাশের পরিচয় শনাক্ত করেছে।
তিনি বলেন, ১০ জানুয়ারি পাঁচ তরুণ জেলে ইঞ্জিনচালিত নৌকায় মেঘনার লালবয়া এলাকায় মাছ শিকারে যান। রাতে নদীতে জাল ফেলে নৌকাতেই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ইঞ্জিনের পাখার পাশ দিয়ে পানি ঢুকে নৌকাটি ডুবে যাচ্ছিল। টের পেয়ে ৫ জেলে নদীতে ঝাঁপ দেন। শামীম দিদার নামক এক জেলে সাঁতরে মেহেন্দিগঞ্জের মীরের খাল এলাকায় পৌঁছলে একটি নৌকা তাকে উদ্ধার করে। অন্যরা নিঁখোজ হয়।
