ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ

শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন শাটডাউনের হুঁশিয়ারি

শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন শাটডাউনের হুঁশিয়ারি
×

 সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ০৭:৫৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ০৭:৫৭

| প্রিন্ট সংস্করণ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে গতকাল বুধবার শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। এ নির্বাচন অনুষ্ঠানে উচ্চ আদালতের রায় শিক্ষার্থীদের পক্ষে না এলে বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’-এর ঘোষণা দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’র ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির। 
গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সংবাদ সম্মেলনে শিশির এ হুঁশিয়ারি দেন। এ দিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। চেম্বার জজ আদালত শাকসু নির্বাচনের অনুমতি না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার শাকসু নির্বাচন স্থগিতের পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়; বরং বিএনপি ও ছাত্রদল দায়ী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এখানে সূক্ষ্ম একটি সমস্যা আছে, সেটা সবাই হয়তো ধরতে পারছেন। বিএনপি ও ছাত্রদল তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে নির্বাচনকে আটকানোর চেষ্টা করছে। 

গত সোমবার উচ্চ আদালত শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন। এর পরদিনই এ নির্বাচন হওয়ার কথা ছিল। ফলে আন্দোলনে নামেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা। এর আগেও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার সড়ক অবরোধসহ বিক্ষোভ করার পর মঙ্গলবার ক্যাম্পাসে ছাত্রশিবির প্যানেলের উপস্থিতি ছিল বেশি। তারা ওই দিন বিক্ষোভও করেন। তবে বুধবার বিক্ষোভ না হলেও বিভিন্ন প্যানেলের প্রার্থীরা সংবাদ সম্মেলন করে নির্বাচন দাবি করেন। তারা জানান, স্থগিতাদেশের বিরুদ্ধে শাবি প্রশাসনের চেম্বার জজ আদালতে আপিল শুনানির অপেক্ষা করছেন। আপিলের রায় বিপক্ষে গেলে আবার আন্দোলনসহ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে। 

‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’র ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, ‘একটি দলের প্ররোচনায় ভোটের মাত্র দুই দিন আগে হাইকোর্টে রিট করা হয়। ফলে প্রায় ৯ হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করা হয়েছে। হাইকোর্ট অনতিবিলম্বে শিক্ষার্থীদের পক্ষে রায় না দিলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে।’
একই প্যানেলের জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা কেউ টিউশনির টাকা খরচ করে, কেউ ঋণ করে প্রচারণা চালিয়েছেন। কিন্তু ভোটের ঠিক দুই দিন আগে রিট করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

গতকাল শাকসু নির্বাচন কমিশন বা শাবি প্রশাসন থেকে নির্বাচন অনুষ্ঠান নিয়ে নতুন কোনো অগ্রগতি জানানো হয়নি। 
এদিকে গতকাল দুপুরে বিভিন্ন দাবি নিয়ে শাবি উপাচার্যের সঙ্গে দেখা করেছেন জামায়াতপন্থি শিক্ষকরা। তারা শাকসু নির্বাচন আয়োজন ও আপিল বিষয়ে কথা বলেন। 

আরও পড়ুন

×