খুলনা
অনলাইনে প্রচারণায় আচরণবিধি মানছেন না অনেকে
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ০৭:৩৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ | ১০:১২
| প্রিন্ট সংস্করণ
সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। ভোট চেয়ে বাজছে মাইক, গুরুত্বপূর্ণ মোড়ে শোভা পাচ্ছে ব্যানার ও বিলবোর্ড। তবে অনলাইনে প্রচার শুরু হয়েছে আরও আগে থেকেই। প্রার্থীদের পক্ষে সামাজিক মাধ্যমে ভোট চেয়ে বিভিন্ন কনটেন্ট প্রচার করা হচ্ছে। এই প্রচারের ক্ষেত্রে নিয়ম মানছেন না বেশির ভাগ প্রার্থী।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারণার আগে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে অ্যাকাউন্ট আইডি জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত শুধু খুলনা-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু আইডি জমা দিয়ে প্রচারের তথ্য জানিয়েছেন। খুলনার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বী ৩৮ প্রার্থীর মধ্যে বাকি ৩৭ জনই এই নিয়ম মানেননি।
জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১৬ বিধিতে বলা হয়েছে, ‘কোনো প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট বা দল বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি সামাজিক মাধ্যম ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা পরিচালনা করতে পারবেন, তবে সেক্ষেত্রে (ক) প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট বা দল বা প্রার্থী সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ইমেইল আইডিসহ অন্য শনাক্তকরণ তথ্য উক্তরূপে প্রচার-প্রচারণা শুরুর আগে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেবেন।’ পরের উপবিধিতে সামাজিক মাধ্যমে কী ধরনের কনটেন্ট করা যাবে না, তার বিবরণ রয়েছে।
সামাজিক মাধ্যমে প্রায় সব প্রার্থীই নিজের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ডলার খরচ করে নিজের বিজ্ঞাপন প্রচার করেছেন কয়েকজন।
ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরি যাচাই করে দেখা গেছে, খুলনা-২ আসনের নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ও জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান, খুলনা-৪ আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল ডলার খরচ করে প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া ‘সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ মিডিয়া সেল, খুলনা’ নামের আইডি থেকেও বিএনপি নেতাদের পক্ষে প্রচার চলছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত শুধু নজরুল ইসলাম মঞ্জু সামাজিক মাধ্যমের আইডি, ইমেইলসহ অন্যান্য তথ্য দিয়েছেন।
জানতে চাইলে খুলনা-৩ আসনের জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান বলেন, তিনি আজ শুক্রবারের মধ্যে সব তথ্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেবেন। একই তথ্য জানান খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল।
খুলনা-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদের বলেন, অনলাইনে প্রচার চালানোর জন্য অবশ্যই প্রার্থীদের সামজিক মাধ্যমের নাম, আইডি, ইমেইলসহ শনাক্তকরণ তথ্য জমা দিতে হবে। এগুলো না থাকলে অপপ্রচার বা ক্ষতিকর প্রচারের তথ্য পাওয়া কঠিন হবে। এ জন্য কালকেই (আজ শুক্রবার) সবাইকে তথ্য জমা দেওয়ার জন্য আবার জানানো হবে। এরপর জমা না দিলে সতর্ক, পরে ব্যবস্থা নেওয়া হবে।
