জেএসএসের কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা আর নেই
তাতিন্দ্র লাল চাকমা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ০০:৩৪
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এম এন লারমা সমর্থিত) কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে আর নেই।
ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) একটি সূত্র জানিয়েছে, ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি সর্বশেষ অনুষ্ঠিত দলটির ১২তম সম্মেলনে তাতিন্দ্র লাল চাকমা জেএসএস (এমএন লারমা)’র কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এর আগে, সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস থেকে ২০১০ সালে বেরিয়ে জেএসএস (এমএন লারমা) গঠন করেন।
তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত সন্তু লালমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র শাখা ‘শান্তিবাহিনীর’ সহকারী ফিল্ড কমান্ডারের দায়িত্ব ছাড়াও চুক্তির পরে প্রকাশ্য রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পারণ করেন।
এদিকে, জনসংহতি সমিতির (এম এন লারমা) একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমার মৃত্যুর ঘটনায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আপাতত সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমা ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।