অষ্টগ্রামে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২
ছবি: সংগৃহীত
মিটামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬ | ১৬:২৫
কিশোরগঞ্জের অষ্টগ্রামের অল ওয়েদার সড়কে মিঠামইন থেকে ভৈরবগামী একটি যাত্রীবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন যাত্রী নিহত হয়েছেন।
শনিবার সকালে অষ্টগ্রাম জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অন্তত ১০ জনকে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, নূরে আলম (৪৫) ও মো. হাদিস মিয়া (৩০)। নিহত নূরে আলম ভরা গ্রামের আবদুল হামিদের ছেলে ও হাদিস মালিউন্দ গ্রামের আলী হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মিঠামইন থেকে ২টি গরু এবং ২৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান ভৈরবের চিলিকোট মাজারের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটি অষ্টগ্রাম জিরো পয়েন্ট আসলে দুটি গরু লাফালাফি শুরু করে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে যাত্রী ও গরুসহ পিকআপ ভ্যানটি সড়কের পাশে গভীর খাদে ছিটকে পড়ে।
অষ্টগ্রাম থানার ওসি সোহেব খান বলেন, এ পর্যন্ত ২ জনের মৃত্যুর পাওয়া গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এছাড়া স্থানীয়দের সহায়তায় আহত ৪-৫ জনকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা হাসপাতালে পাঠানো হয়। পরে গুরুতর আহতদের ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
অতিরিক্ত যাত্রী ও গবাদি পশুবোঝাই করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
