বাগেরহাটে নছিমন উল্টে যুবক নিহত
ছবি: সমকাল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১০:৫৪
বাগেরহাটের শরণখোলায় কাঠবোঝাই নছিমন উল্টে সুজন মোল্লা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিয়াদ নামে এক শ্রমিক আহত হয়েছেন। তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটোখার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মোল্লা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মোল্লা কাঠভর্তি নছিমন নিয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে ছুটোখার বাজারের মোড়ে পৌঁছালে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা হানিফ মোল্লা জানান, প্রায় তিন মাস আগে সুজন বিদেশ থেকে দেশে ফিরে আসেন। বিদেশে আর না গিয়ে তিনি কাঠের ব্যবসা শুরু করেন। এজন্য একটি নছিমন কিনে নিজেই চালক হিসেবে কাজ করছিলেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
