চসিকের ৪১ ওয়ার্ডের তদারকির দায়িত্বে তিন শীর্ষ কর্মকর্তা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ০৪:৫২
কাউন্সিলরদের জায়গায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা, উন্নয়নসহ সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য করপোরেশনের শীর্ষ তিন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ূয়া ও প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম।
বৃহস্পতিবার এক অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়। একজন কাউন্সিলর যে সকল কর্মকাণ্ড পরিচালনা করতেন এখন থেকে এ কর্মকর্তারা সেই দায়িত্ব পালন ও তদারকি করবেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা সাক্ষরিত এক আদেশে উল্লেখ করা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলররা দায়িত্ব পালন না করা পর্যন্ত ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রম, ভৌত অবকাঠামো উন্নয়নসহ যাবতীয় কর্মকাণ্ড তদারকির জন্য তিন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হলো।
ওয়ার্ডের দায়িত্ব পাওয়া তিন কর্মকর্তার মধ্যে সচিব আবু শাহেদ চৌধুরীকে ২৯ নম্বর ওয়ার্ড থেকে ৪১ নম্বর ওয়ার্ড, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ূয়াকে ১৫ থেকে ২৮ নম্বর ওয়ার্ড ও প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলমকে ১ নম্বর থেকে ১৪ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়। তারা চসিকের স্ব স্ব দায়িত্ব পালনের পাশাপাশি এ অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।
- বিষয় :
- চট্টগ্রাম সিটি করপোরেশন
- কাউন্সিল
- চট্টগ্রাম