আ'লীগে যোগ দিলেন ফরিদপুরের পরিবহন মালিক কামরুল
ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ১০:১৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২০ | ১০:১৯
ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সিদ্দিকী কামরুল আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত আওয়ামী লীগের নেতাদের হাতে ফুলের তৈরি একটি নৌকা তুলে দেন কামরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ মিয়া।
আওয়ামী লীগের রাজনীতিতে কামরুজ্জামান সিদ্দিকী কামরুলকে স্বাগত জানিয়ে সভায় বক্তারা বলেন, 'তরুণ পরিবহন মালিক নেতা কামরুজ্জামান সিদ্দিকী ভাঙ্গা উপজেলার মালিগ্রামের সম্ভ্রান্ত মিয়া বাড়ির সন্তান। তার পরিবারের কেউ কোনদিন স্বাধীনতার বিরোধীপক্ষের রাজনীতি করেনি। এছাড়া কামরুজ্জামান সিদ্দিকীও কোনোদিন আওয়ামী লীগের বিরোধিতা করেছেন এমনটা কেউ শুনিনি।'
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ নেতা আকরামুজ্জামান রাজা বলেন, 'করোনা পরিস্থিতির কারণে সরকারি বিধিনিষেধ থাকায় সীমিত আকারে এই যোগাদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ কারণে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে কাজী জাফরুল্লাহর সম্মতিতেই কামরুজ্জামান সিদ্দিকীর এই যোগদান অনুষ্ঠান হচ্ছে।'
অনুষ্ঠানে কামরুজ্জামান সিদ্দিকী বলেন, 'ছাত্রজীবনের শুরুতে রাজেন্দ্র কলেজে এইচএসসির ছাত্র হিসেবে আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম। ফরিদপুরের সাবেক ছাত্রনেতা জিয়াউল হাসান মিঠু, অনিমেষ রায়সহ সবাই সেটি জানেন। তবে পরবর্তীতে কিছু বিরোধিতার কারণে আমি সেসময় দলীয় রাজনীতিতে সক্রিয় হতে পারিনি। তবে তখন থেকেই আমি বঙ্গবন্ধুর আদর্শকে মনেপ্রাণে ধারণ করে আসছি।'
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর রাজনৈতিক সচিব এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একরাম আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরীফ ও হাজী সোবহান মুন্সি, জেলা যুবলীগের সদস্য রাজিব হোসেন সুজন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদাক সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিউল মিয়া প্রমুখ।
- বিষয় :
- আওয়ামী লীগে যোগদান