আপনি আসুন, যুব সমাজ ফাঁসির রশি নিয়ে প্রস্তুত— শেখ হাসিনাকে জামায়াত আমির
ঢাকা মহানগর জামায়াতের জনসভায় দলের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ২১:৫৯
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ছেড়ে পালানোর পর ‘এই আসলাম’ বলছেন বারবার। এভাবে তিনি ১৩ বার ফেল করেছেন। আপনি আসুন। যুব সমাজ অধীর আগ্রহে অপেক্ষা। তারা ফাঁসির রশি নিয়ে প্রস্তুত।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১০ এ ঢাকা মহানগর জামায়াতের জনসভায় এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।
জামায়াত আমিরের নির্বাচনী এলাকায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে এ জনসভা আয়োজন করা হয়।
জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবের ফসল। তাই সরকারকে জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ হতে হবে। জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করতে হবে। আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের সুচিকিৎসা এবং সম্মানজনকভাবে পুনর্বাসন করতে হবে। জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের নামে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণ করতে সরকারের প্রতি দাবি জানান শফিকুর রহমান।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচার করেছেন। এখন গণভোটের রায়কে অবৈধ বলছে সরকার। গণভোট অবৈধ হলে সরকার ও সংসদ সবই অবৈধ। তাহলে দেশে কোনও বৈধ সরকার নেই। সরকারকে টালবাহানা ছেড়ে জুলাই সনদ বাস্তবায়নের হুঁশিয়ার করেন বিরোধীদলীয় নেতা।
বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ ৫ বছরের জন্য ক্ষমতা বুকিং দিয়েছিল। অনেকের মধ্যে সৃষ্টি হয়েছিল হতাশা। কিন্তু আল্লাহ তার রহমত থেকে হতাশ হতে নিষেধ করেছেন। এরপরই জুলাই দেশ ও জাতির মুক্তির পয়গাম নিয়ে এসেছিল।
জনসভায় সভাপতির বক্তব্যে মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, যে কোনও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। তাই সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে সরকারের উচিত জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের এমপি কর্নেল (অব.) আব্দুল বাতেন, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান প্রমুখ।