তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির শঙ্কা, বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১৭:৫১
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় সকাল ৯টা ৯ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২০ দশমিক ৪৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ দশমিক ১০ ডলারে নেমে আসে।
এদিকে জ্বালানি তেলের দাম বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১১১ দশমিক ৪৮ ডলারে উঠেছে, যা গত ২০ মে’র পর সর্বোচ্চ। সৌদি আরবের অবকাঠামোতে হুতিদের হামলা এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবরকে কেন্দ্র করে বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব পড়েছে।
অ্যাকটিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, জ্বালানির উচ্চমূল্যের কারণে মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকায় ফেডারেল রিজার্ভের আরও মুদ্রানীতি কঠোর করার সম্ভাবনা নিয়ে প্রত্যাশা তৈরি হচ্ছে।
বাজারসংশ্লিষ্টদের ধারণা, আগামী ২৭ ও ২৮ অক্টোবরের বৈঠকে ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। তবে ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানো হতে পারে কিনা, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যের দিকে নজর রয়েছে বিনিয়োগকারীদের। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারে ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা ৯০ শতাংশ ধরে নেওয়া হচ্ছে।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে সুদ বা মুনাফা দেয় এমন সম্পদের তুলনায় স্বর্ণের আকর্ষণ কমে যায়। ফলে উচ্চ সুদের প্রত্যাশা স্বর্ণের দামে চাপ তৈরি করছে।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশ করা হবে। মূল্যস্ফীতি পরিমাপের গুরুত্বপূর্ণ এই সূচক ফেডের ভবিষ্যৎ সুদের হারনীতি সম্পর্কে ধারণা দিতে পারে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ১৯৩১ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০.১ শতাংশ কমে ১ হাজার ৬৩৯ দশমিক ৪৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ কমে ১ হাজার ১১০ দশমিক ০৬ ডলারে নেমেছে।
সূত্র: রয়টার্স
- বিষয় :
- তেলের দাম
- স্বর্ণের দাম
- বাজার
- মূল্যস্ফীতি