‘জুলাই গণহত্যার বিচার না হলে জনতার আদালতে সরকারের বিচার’
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ২২:০৫
জুলাই গণহত্যার তদন্ত ও দ্রুত বিচারে দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এতে জোটের সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘জুলাই গণহত্যার বিচার না হলে, জনতার আদালতে সরকারের বিচার হবে।’
আজ বৃহস্পতিবার বিচারের দাবিতে পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য। ৭ দফা দাবিনামায় রয়েছে- দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত, অভিযুক্ত কর্মকর্তাদের গ্রেপ্তার, সব মানবতাবিরোধী অপরাধে মামলা দায়ের, রাজপথে হামলা করা আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের চিহ্নিত নেতারা গ্রেপ্তার করা, উস্কানিদাতাদের বিচার এবং গুমের আলামত ধ্বংস করা কর্মকর্তাদের চিহ্নিত করে বিচার।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে হামিদুর রহমান আযাদ বলেছেন, গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কার ছাড়াই নির্বাচন হয়েছে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে দলীয় চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে। এরপর থেকে বিচারে ধীর গতি দেখা যাচ্ছে।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিএনপি নির্বাচনের জন্য যতটা উদ্গ্রীব ছিল, সংস্কার ও বিচারের ক্ষেত্রে তা দেখা যায়নি। সরকার যদি নিজেকে জুলাইয়ের পক্ষের শক্তি মনে করে, তবে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। নইলে আওয়ামী লীগ যেদিন ফিরে আসবে সেদিন থেকেই বিএনপিকে নির্বাসনে চলে যেতে হবে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আওয়ামী লীগের সহযোগী সব সভাপতি-সাধারণ সম্পাদকদের বিচারের আওতায় আনতে হবে।
জুলাই শহীদ মেহেদী হাসান বাবা শেখ জামাল হোসেন বলেন, ‘আমার সন্তানসহ ৬ জনকে পুলিশ সদস্য সুজন হত্যা করে। কিন্তু আদালত তাকে মাত্র ৬ বছরের কারাদণ্ড দিয়েছে! আর যাদের মৃত্যুদণ্ড দিয়েছে, তারা কেউ দেশে নেই। এই বিচার প্রহসনের।
শহীদ আলিফের বাবা গাজিউর রহমান বলেন, শহীদ পরিবার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নয়, শুধু বিচার ও সংস্কার চায়। আলিফ হত্যা মামলায় একজন আসামিও আজ পর্যন্ত আটক হয়নি। তাহলে কবে কীভাবে বিচার হবে?
মানববন্ধনে আরও বক্তব্য নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারী, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিডিপির মহাসচিব নিজামুল হক নাঈম, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশির প্রমুখ।
- বিষয় :
- জুলাই গণহত্যা