ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে পারমাণবিক চুক্তি কার্যকর নয়, উভয় সংকটে সৌদি

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে পারমাণবিক চুক্তি কার্যকর নয়, উভয় সংকটে সৌদি
×

বিবিসি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ২২:৫৪

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের করা পারমাণবিক চুক্তিটি কার্যকর হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তারা আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল তখনই ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত বেসামরিক পারমাণবিক সহযোগিতাসংক্রান্ত চুক্তিটি কার্যকর হবে।

আব্রাহাম অ্যাকর্ডস হলো- ইসরায়েল ও কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে করা একগুচ্ছ চুক্তি, যা ২০২০ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত হয়েছিল।

মুসলিম দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, মরক্কো এবং সুদান আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়েছে। 

ট্রাম্পের নতুন মন্তব্য সৌদি সরকারকে উভয় সংকটে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, সৌদি আরবের দীর্ঘদিন ধরে বলে আসছে, তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গ্রহণযোগ্য রূপরেখা নিয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত ওই চুক্তিতে যোগ দেবে না।

এখন ট্রাম্প বলছে, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে পারমাণবিক চুক্তি সই করেছে, সেটার ভবিষ্যৎ নির্ভর করছে আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের সিদ্ধান্তের ওপর।

এছাড়া চুক্তিটির কার্যকর হলেও সৌদি সরকার পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি পাবে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, চুক্তি আওতায় সৌদি সরকার কেবল বিদ্যুৎ উৎপাদনের মতো বেসামরিক কাজেই পারমাণবিক কেন্দ্র ব্যবহার করতে পারবে।

এদিকে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিটি দেশটির ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দেওয়ার ওপর ‘নির্ভরশীল’।

তিনি আরও বলেন, এটি এমন একটি শর্ত, যা নিয়ে প্রেসিডেন্ট আমাদের উপসাগরীয় ও আরব মিত্রদের সঙ্গে বহুবার আলোচনা করেছেন। লেভিট জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলো আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করুক। এটি ছিল তার প্রথম মেয়াদের অন্যতম ঐতিহাসিক অর্জন। তিনি আরও বলেন, ট্রাম্প চান, পারমাণবিক চুক্তিগুলোর পরিধি আরও বিস্তৃত হোক। আব্রাহাম অ্যাকর্ডস মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ; যাতে মধ্যপ্রাচ্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চলে পরিণত হয়।

বুধবার যখন চুক্তিটি ঘোষণা করা হয়েছিল, তখন কেন প্রশাসন এটিকে শর্ত হিসেবে উল্লেখ করেনি—এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন যে, বিষয়টি এমন যা, তিনি অতীতে বহুবার উল্লেখ করেছেন।

লেভিট আরও বলেন, ‘আপনারা জানেন, চূড়ান্ত চুক্তির বিষয়টি সবসময়ই প্রেসিডেন্টের হাতে থাকে...। আর সবকিছু প্রেসিডেন্ট নির্ধারণ করেন।’ লেভিট জানান, প্রেসিডেন্ট বলেছেন- ‘যদি সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দেয়, তবে চুক্তিটি বাতিল হয়ে যাবে।’

আরও পড়ুন

×