ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চাটমোহরে আ.লীগের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাটমোহরে আ.লীগের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
×

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ২২:৪৯

পাবনার চাটমোহরে ককটেল বিস্ফোরণ, সরকারবিরোধী স্লোগান ও নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, পূর্বটিয়ারতলা গ্রামের বাসিন্দা মো. মজর আলী চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মূলগ্রামের কায়েমখোলা মোড়ে আতার আলীর চায়ের দোকানে বসে ছিলেন মজর আলী। এ সময় মোটরসাইকেল ও মাইক্রোবাসে একদল ব্যক্তি সেখানে এসে ‘জয় বাংলা’সহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এজাহারে আরও বলা হয়, বাদী ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে তারা প্রাণনাশের আশঙ্কায় পড়েন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের বিস্ফোরিত অংশ, চারটি বাজারের ব্যাগে রাখা আনুমানিক ৮ থেকে ১০ কেজি ইটের খোয়া এবং ১০ থেকে ১২টি বাঁশের লাঠি জব্দ করে।

মামলায় বেজপাড়া গ্রামের হেলাল উদ্দিন, হরিপুর গ্রামের মকবুল হোসেন, নেউতিগাছা গ্রামের সাহেব আলী মাস্টার, জগতলা গ্রামের শরিফুল্লাহ সাচ্চু, নারিকেলপাড়া গ্রামের ওয়াহেদুল ইসলাম বকুলসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুন

×