দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি
দর্শনা সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টার সময়
চুয়াডাঙ্গা সংবাদদাতা
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ২২:১৭
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দর্শনা সীমান্তের ৭৬/৪-এস পিলারের কাছে অবস্থিত সীমান্ত গেট দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন। এ সময় ওই ব্যক্তিদের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করতে বাধ্য করা হয়। পরে বিএসএফ সদস্যরা তাদের ভারতের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।