টাকা বিতরণের ভিডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার জামায়াতের
ফাইল ছবি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | ১০:৫৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ | ১১:৩৯
টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে অজুর্না ইউনিয়নের জগৎপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
তবে জামায়াতের নেতারা বলেছেন, ভোট চাইতে গেলে বিএনপির নেতাকর্মীরা বাধা দিয়ে তাদের মারধর করে। বাধার মুখে ফিরে আসার সময় পেছন থেকে পকেটের টাকা বের করে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জামায়াতে ইসলামীর নেতারা চলে আসছেন। পেছন থেকে কয়েকজন ১০০০ ও ৫০০ টাকার নোট দেখিয়ে বলছেন, জামায়াত নেতারা ভোট নিতে টাকা বিতরণ করছেন।
অজুর্না ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাতেম খাঁ বলেন, জগৎপুরা গ্রামে জামায়াতের কয়েকজন নেতা ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণ করছেন– এমন খবর পেয়ে ইউনিয়ন বিএনপির নেতারা সেখানে যান। এ সময় তাদের কাছ থেকে টাকার ব্যাগ উদ্ধার করা হয়। এ নিয়ে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম তালুকদার বলেন, বুধবার সকাল ১০টার দিকে তিনিসহ কয়েকজন অজুর্না ইউনিয়নের জগৎপুরা মধ্যপাড়ায় ভোট চাইতে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতা নিয়ামত আলী খাঁ, লাবু খাঁ, মোনায়েম খাঁ, নায়েব খাঁ, মো. খলিল, ইসমাইল হোসেনসহ ৩০ থেকে ৩৫ জন এসে তাদের বাধা দেন। তারা জামায়াতের পক্ষ থেকে ভোটারদের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করার অভিযোগ করেন। এক পর্যায়ে তাঁর ওপর হামলা করে মোবাইল ফোন ছিনিয়ে নেন। এ সময় তারা নিজেদের কাছে থাকা ৫০০ ও এক হাজার টাকা নোট উঁচু করে ধরে বলতে থাকেন, জামায়াতের পক্ষে টাকা বিতরণ করতে এসেছিল। সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
প্রচারে বাধা ও হামলার বিষয়ে জামায়াত নেতা রবিউল আলম তালুকদার বাদী হয়ে বিকেলে ভূঞাপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় ভূঞাপুর প্রেস ক্লাবে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জামায়াতের প্রার্থী ও জেলা শাখার সেক্রেটারি হুমায়ুন কবির সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘নির্বাচনী মাঠে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
