বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ৬ যাত্রীর
দুর্ঘটনা কবলিত অটোরিকশা -সমকাল
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ১০:৩৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২০ | ১১:৫৭
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ ৬ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাদীপুর ইউনিয়নের গজিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের কমরু মিয়ার মেয়ে আরিফা বেগম (১২) ও কারিমা বেগম (৩), ভাতিজি হাফিজা বেগম (২), স্ত্রীর বড় বোন হামিদা বেগম (৩৫), অটোরিকশাচালক মোবারকপুর গ্রামের জুনেদ মিয়া (৩২) এবং তার সঙ্গী জাহাঙ্গীর (৩০)।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস গজিয়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালক জুনেদ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা অটোরিকশায় থাকা শিশুসহ ৭ জন নারী, পুরুষকে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে ৫ জনকে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিস ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত অটো চালকের লাশ উদ্ধার করে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনাচার্জ ফারুক আহমদ হাসপাতালে ৫ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাজপুর ফায়ার সার্ভিসের টিম লিডার লিয়াকত আলী বলেন, আমরা ঘটনাস্থল থেকে সিএনজিচালকের লাশ উদ্ধার করেছি। স্থানীয় জনতা ৭ জনকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে পাঠিয়েছিলেন, তাদের কয়েকজন মারা গেছেন বলে জেনেছি।
শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জন মারা গেছেন।