ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫
বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ১৭:৪৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ | ১৮:১০
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী গণসংযোগকালে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দলের কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে আটজনকে বোরহানউদ্দিন ও ভোলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে বিএনপির কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার সকালে টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার জন্য বিএনপি-জামায়াত একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ করছে।
বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাকসুদুর রহমান জানান, আজ শনিবার সকালের দিকে টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের নেতাকর্মীরা দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণার যান। চকিদার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সেখানকার বিএনপির কর্মী বাহার ও সৌরভের নেতৃত্বে বিএনপিকর্মী ইউছুফ, আইয়ুব, শামিম, সোহাগ ও ইউনুস তাদেরকে বাঁধা দেন। এসময় তারা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হালিমসহ তাদের ১০-১২ জন আহত হয়েছেন। গুরুতর আহতরা হলেন- ফয়জুল্লাহ, ইমন, আবদুল হালিম, শাহে আলম, রায়হান, শামিম ও তানজিল। এদের মধ্যে ছয়জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর দুইজনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় টবগী ইউনিয়ন জামায়াতে ইসলামী তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে।
পাল্টা অভিযোগ করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খান বলেন, সকাল ৭ টায় জামায়াতের কিছু কর্মী বিএনপি কর্মীর বাড়িতে প্রচারণায় যান। এসময় বাড়িতে এক নারী গোসল করছিলেন। এরই মধ্যে প্রচারণাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে স্থানীয় বাজারে বিএনপি কর্মীদের সঙ্গে জামায়াতে কর্মীদের হাতাহাতি হয়। এতে তাদের ৪/৫ জন আহত হয়েছেন। পরে জামায়াতের লোকজন জড়ো হয়ে এলাকায় মহড়া দেয়। বিএনপির এক কর্মীর বাড়িঘর ভাঙচুর করে তারা।
বিএনপি প্রার্থী মো. হাফিজ ইব্রাহিমের প্রধান নির্বাচন সমন্বয়কারী মো. আকবর হোসেন বোরহানউদ্দিন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর কর্মীরা আলী মিয়া চৌকিদার বাড়ির বিএনপি কর্মী ইউসুফের ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। বাড়ির লোকজন তা প্রতিহত করে। এ ঘটনায় মামলা করবে বিএনপি।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গণসংযোগকালে দুই পক্ষরে মধ্যে হাতাহাতি হয়েছে। খবর পয়ে পুলিশ-নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো অভিযোগ থাকলে সহকারী রিটার্নিং অফিসারকে জানানোর জন্য বলা হয়েছে।
বোরাহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মণ জানান, এ ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মুঠোফোনে বিষয়টি জানালে সংঘর্ষ এড়াতে তাৎক্ষণিক ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
