ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাবনা-৪ আসন

এনসিপির গণসংযোগে বিএনপিকর্মীদের বাধার অভিযোগ

এনসিপির গণসংযোগে বিএনপিকর্মীদের বাধার অভিযোগ
×

এনসিপির সংবাদ সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৪৯ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৫১

ঈশ্বরদীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় লিফলেট বিতরণকারীদের ফোন কেড়ে নেওয়া, হুমকি-ধমকি এবং হামলার চেষ্টার ঘটনাও ঘটে। 

জানা গেছে, রোববার বিকেল ৫টার দিকে সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এনসিপির অ্যাম্বাসাডর ড. এমএ মজিদের নেতৃত্বে ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে গণসংযোগ চলছিল। এ সময় সাহাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লিটন মাস্টার তাঁর সহযোগীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে গণসংযোগে বাধা দেন। তারা এনসিপি নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে লিফলেট কেড়ে নেন। এমনকি মোবাইল ফোনও কেড়ে নেওয়ার চেষ্টা করেন। চলে যাওয়ার সময় ‘১২ তারিখের পর দেখে নেওয়া হবে’ বলে প্রকাশ্যে হুমকি দেন। 

এ ঘটনার প্রতিবাদে এনসিপির পক্ষ থেকে রোববার রাত ১০টার দিকে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক নূর উদ্দিন শফি কাজল বলেন, রোববার ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করার সময় হামলা চালানো হয়। স্থানীয়দের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। আমরা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য মৃদুল দেওয়ান, সুলতান মাহমুদ খান বিদ্যুৎ, ইয়াসিন আরাফাত ইমন, নূর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত লিটন মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কর্মকর্তাকে বলা হয়েছে।’

আরও পড়ুন

×