জামায়াত প্রার্থীর পক্ষে পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা
মুস্তাফিজুর রহমান (মিলন)।
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৫৯
রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদ হারিয়েছেন এক ছাত্রদল নেতা। তার নাম মুস্তাফিজুর রহমান (মিলন)। তিনি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। গতকাল সোমবার রাতে তাকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।
এর আগে গতকাল সন্ধ্যা সাতটার দিকে মুস্তাফিজুর নিজের ফেসবুক অ্যাকাউন্টে জামায়াতের প্রার্থী আবদুল বারীর পক্ষে একটি পোস্ট দেন।
আগের দিন মুস্তাফিজুর রহমান জামায়াতের প্রার্থীর নির্বাচনী জনসভার একটি ছবিসহ পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘দাঁড়িপাল্লার জয় হবে ইন-শা-ল্লাহ’।
সবশেষ পোস্টের তিন ঘণ্টা পর ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে মুস্তাফিজুর রহমানকে বহিষ্কারের কথা জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে মুস্তাফিজুর রহমান বলেন, ‘এতে কিছু যায় আসে না। তবে বহিষ্কারে আমার ফেসবুক আইডির নাম ব্যবহার করা হয়েছে। আমার সাংগঠনিক নাম মিলন পারভেজ।’
