দোকানের পাশে পড়ে থাকা বস্তায় মিলল ৫টি পেট্রোল বোমা
ফাইল ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:২৪ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৩৩
নওগাঁর বদলগাছী উপজেলায় পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনবসতিপূর্ণ এলাকায় এমন বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার ভোরে বদলগাছী উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে একটি মুদি দোকানের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুর ১২টার দিকে সেগুলো নিষ্ক্রিয় করে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আক্কেলপুরে সড়কের পাশের ওই দোকানের কাছে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখেন টহলরত র্যাব সদস্যরা। পরে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে বস্তায় কাঁচের বোতলে তৈরি পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে। পরে বোমাগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে নিষ্ক্রিয় করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তিনি আরও জানান, কারা কী উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা উদ্বেগ প্রকাশ করে বলেন, এলাকায় স্কুল, বাজার ও বসতবাড়ি কাছাকাছি। যদি এগুলো বিস্ফোরিত হতো, বড় দুর্ঘটনা ঘটতে পারত। সিরাজুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কালকে ভোট আজকে বোমা উদ্ধার হলো। মনে ভয় কাজ করছে।
- বিষয় :
- নওগাঁ
- পেট্রোল বোমা
