ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঢাকা-১৭ আসন

নিকেতনে নারী ভোটারের ভিড়

নিকেতনে নারী ভোটারের ভিড়
×

রাজধানীর নিকেতন সোসাইটি ভোটকেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ সারি। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৪২

ঢাকা-১৭ আসনের রাজধানীর নিকেতন সোসাইটি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল থেকেই ছিল নারী ভোটারের দীর্ঘ সারি। জায়গা স্বল্পতার কারণে কেন্দ্রে কিছুটা ভিড় দেখা গেলেও সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর টহলও লক্ষ্য করা গেছে কেন্দ্রের আশপাশে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাইমিন খান সমকালকে বলেন, স্বল্প জায়গার কারণে ভিড়টা বেশি মনে হচ্ছে। তবে নারীরা যথেষ্ট ধৈর্যের সঙ্গে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এই কেন্দ্রে নারী ভোটার ২ হাজার ৯১০ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ২৫০টি ভোট কাস্ট হয়েছে।

সকালের দিকে কেন্দ্রজুড়ে নারী ও তরুণী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটার নম্বর মিলিয়ে দেখছিলেন, কেউ বা আলোচনা করছিলেন দেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে। ভোট শুধু প্রার্থী নির্বাচনের বিষয় নয়, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার একটি দায়িত্ব, এমন ভাবনাও উঠে আসে তাদের কথায়।

প্রথমবার ভোট দিতে এসে বিশ্ববিদ্যালয় ছাত্রী মাহিমা বলেন, এটাই আমার প্রথম ভোট। মনে হচ্ছে দেশের জন্য ছোট হলেও গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছি। আমরা চাই এমন নেতৃত্ব আসুক যারা দেশের  ভবিষ্যৎ নিশ্চিত করবে। পাশে থাকা উর্মি বলেন, আমরা শুধু ব্যক্তি নয়, দেশের ভবিষ্যৎ ভেবে ভোট দিচ্ছি। দুর্নীতি কমুক, সহিংসতা বন্ধ হোক, এটাই প্রত্যাশা।

সারিতে দাঁড়িয়ে সেলফি তোলার উচ্ছ্বাসও ছিল তরুণীদের মধ্যে। তবে আনন্দের পাশাপাশি ছিল সচেতনতার প্রকাশ। কেউ কেউ বলছিলেন, ভোটের মাধ্যমে পরিবর্তনের সম্ভাবনাই গণতন্ত্রের শক্তি। বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ভোট দেওয়া নাগরিক দায়িত্ব। দেশের অর্থনীতি, বিনিয়োগ পরিবেশ, আইনের শাসন– এসবের সঙ্গে আমাদের ভবিষ্যৎ জড়িত। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ।

অবসরপ্রাপ্ত শিক্ষক আয়েশা খন্দকার মন্তব্য করেন, ভোট মানে শুধু সরকার গঠন নয়; এটি রাষ্ট্রের চরিত্র নির্ধারণের প্রক্রিয়া। আমরা যেন মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে পারি, সেই প্রত্যাশা রাখি।

আরও পড়ুন

×