ঘর সামলে ভোটকেন্দ্রে, চিলমারীতে সরব উপস্থিতি নারীদের
চিলমারীর একটি কেন্দ্রে নারী ভোটারের সারি
চিলমারী (কুড়িগ্রাম)সংবাদদাতা
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:০৫
কুড়িগ্রামের চিলমারীর বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা গেছে ভিন্ন এক চিত্র। সেখানে পুরুষদের তুলনায় নারী ভোটারের সারি দীর্ঘ। বৃহস্পতিবার সকাল থেকে থানাহাট ও রমনা ইউনিয়নের একাধিক কেন্দ্রে নারী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঘরের কাজ সেরে, সন্তানদের দেখভালের ফাঁকে তারা ছুটে এসেছেন ভোট দিতে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুড়িগ্রাম-৪ আসনের এবারের নির্বাচনে নারী ভোটাররাই হতে পারেন নির্ণায়ক শক্তি। মাঠে তাদের উপস্থিতি শুধু সংখ্যায় নয়, ভোটদানে আগ্রহেও তা স্পষ্ট হয়ে উঠেছে।
নদীভাঙন কবলিত এলাকার বাসিন্দা আসমা বেগম বলেন, ‘প্রতি বছর ভাঙনে ঘর হারাই। যে আমাদের কষ্ট বুঝবে, ভাঙন রোধে কাজ করবে, সন্তানদের চাকরির সুযোগ তৈরি করবে, আমরা তাকেই ভোট দিচ্ছি।’ তিনি জানান, ঘরের কাজ শেষ করেই সকাল সকাল লাইনে দাঁড়িয়েছেন, যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।
প্রথমবার ভোট দিতে আসা রুকাইয়া সুলতানা বলেন, ‘নারী নিরাপত্তা আমার কাছে বড় বিষয়। আমরা এমন প্রতিনিধি চাই, যিনি সংসদে আমাদের কথা বলবেন এবং চিলমারীর উন্নয়নে কাজ করবেন।’
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নারী ভোটারদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে নারী পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপদ পরিবেশেই ভোটগ্রহণ চলছে।
