ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৫০ জেলে পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা

৫০ জেলে পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা
×

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০৮

| প্রিন্ট সংস্করণ

ফেনীর সোনাগাজীতে একটি ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে অর্ধশত জেলে পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন জেলেরা। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চর খোন্দকার জেলেপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও জেলেরা জানান, উপজেলার চর খোন্দকার ও পূর্ব চর চান্দিয়া এলাকায়  বড় ফেনী নদীর তীরবর্তী সরকারি খাস ও পাউবোর জমিতে শতাধিক জেলে পরিবার কয়েক যুগ ধরে বসবাস করে আসছে। এসব জেলে পরিবার বড় ফেনী নদী ও সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছে। গত সাত-আট বছর ধরে বড় ফেনী নদীর ভাঙনে জেলেপাড়ার মানচিত্র ছোট হয়ে আসে। এর পর জেলেরা অন্যত্র না গিয়ে সড়কের পাশে ঝুপড়ি ঘর তুলে বসবাস করে আসছেন। বর্তমানে নদীভাঙন রোধে সরকার ব্যবস্থা নেওয়ায় জেলেরা আবারও সরকারি খাস জায়গায় নিজেদের বসতভিটা সম্প্রসারণ করতে থাকেন। সম্প্রতি নুর আহম্মদ নামে এক ব্যক্তি জায়গাটি তাঁর দাবি করে জেলেদের ঘর নির্মাণে বাধা দিচ্ছেন। তিনি জেলেপাড়া থেকে অধর্শত পরিবারকে উচ্ছেদ করে জমি দখল এবং সেখানে মৎস্য খামার গড়ে তোলার পাঁয়তারা শুরু করেছেন। এতে জেলেপল্লিতে উত্তেজনা দেখা দিয়েছে। এতে যে কোনো সময়ে সেখানে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
জেলে সর্দার রাধেশ্যাম জলদাস বলেন, গত দুদিন ধরে নুর আহম্মদ তাদের ঘরের পাশ থেকে ভেকু (এক্সক্যাভেটর) দিয়ে মাটি কেটে অন্যত্র নিয়ে যেতে চাইলে তারা বাধা দেন। পরে জেলেদের বাধার মুখে তারা ভেকু নিয়ে সরে যেতে বাধ্য হয়। 

হরলাল জলদাস বলেন, পূর্বপুরুষের মতো তারাও দীর্ঘদিন ধরে নদীর তীরে সরকারি জমিতে বসবাস করে আসছেন। কোনো সমস্যা হয়নি। কিন্তু কয়েক বছর ধরে নুর আহম্মদ নামের এক ব্যক্তি জেলেদের বসতভিটা দখলের চেষ্টা চালিয়ে আসছে। তাদের উচ্ছেদে হুমকি দিচ্ছে সে। 
অভিযোগ অস্বীকার করে নুর আহম্মদ বলেন, জেলে পরিবারের বসতভিটার জায়গাগুলো তাঁর নামে রেকর্ড করা। বেদখল হওয়া জমি রক্ষা করতে তিনি নিজ জমিতে সংস্কার কাজ করছেন। জেলেরা এ কাজে বাধা দিচ্ছে। এ ছাড়া জেলে পরিবারগুলো যেখানে বসবাস করছে, তিনি সেখানে কোনো হস্তক্ষেপ করেননি। 

আরও পড়ুন

×