স্বেচ্ছাসেবক দল নেতার বক্তব্য ভাইরাল
যারা আন্দোলনে ছিল তারাই হাট-ঘাট খাবে
রিপন হোসেন
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
‘যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছে। তারাই সকল হাট-ঘাট খাবে। সে যে দলেরই হোক।’ এ বক্তব্য দিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন হোসেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার যদুবয়রা-পান্টি সড়কের চৌরঙ্গী বাজারের চৌরাস্তা মোড়ে তাঁর সমর্থকদের উদ্দেশে এমন বক্তব্য দেন। এরপর কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।
রিপন বলেন, ‘রাজপথে আমরা এই হাসিনা ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য সংসারের সমস্ত কাজ ফেলে রেখে ও জীবনকে বিসর্জন দিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। আজকে যে ছেলেগুলো এখানে উপস্থিত হয়েছে তারাই অনেক দিন, অনেক রাত না খেয়ে পথেপ্রান্তরে ঘুরে বেরিয়েছে। তখন কিন্তু এই সকল ব্যবসায়ী কেউ ২০টি টাকা দেন নাই। আর আপনারা সকল সুবিধা ভোগ করার জন্য পাঁয়তারা চালাচ্ছেন। লজ্জা করা দরকার আপনাদের। আজকে এই আসনে মেহেদী আহমেদ রুমীকে (ধানের শীষের প্রার্থী) আপনারই ফেল করিয়ে দিছেন।’
তিনি বলেন, ‘এই বাজারখেকো যেসব দালাল আছেন; আপনারা খুব সহজেই এই ছেলেদের অধিকারের জাইগা দখল করবেন না। যদি করেন এই ক্ষুধার্ত ছেলেরা আজ যদি বাজার, ঘাট না খেতে পারে, সরকার লিজ দিবে। এ সকল ছাত্র বাপের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে হলেও বাজার লিজ নেবে। কিন্তু যখন আপনি ১০ টাকার জিনিস ৩০ টাকা দিয়ে কিনবেন সেই সামর্থ্য এদের নেই (ছাত্র)। এরা খেতেও পারবে না। কিন্তু এই অধিকার আপনাদের কে দেছে?’
এ বিষয়ে রিপন বলেন, সম্প্রতি চৌরঙ্গী সাপ্তাহিক পেঁয়াজ হাটের ইজারার দরপত্রের আহবান করেছে প্রশাসন। কিছু অসাধু ব্যবসায়ী টাকার গরমে ৫ লাখ টাকার হাট ১০ লাখ টাকা দিয়ে ইজারা নিতে চাচ্ছে। ফলে ছাত্র, যুবসমাজ ইজারা নিতে পারবে না। ওই সব ব্যবসায়ীকে সতর্ক করার জন্য বক্তব্য দেওয়া হয়েছে। তবে এখানে অন্যায় কিছু করা হয়নি।
- বিষয় :
- স্বেচ্ছাসেবক দল
