ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উল্টোপথে আসা বাসের নিচে পড়ল মোটরসাইকেল

উল্টোপথে আসা বাসের নিচে পড়ল মোটরসাইকেল
×

গাজীপুরের বোর্ডবাজারে গতকাল শুক্রবার মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনার পর জ্বলছে বাস সমকাল

 গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:২৩

| প্রিন্ট সংস্করণ

সকাল বেলায় সড়কে যানবাহনের কোনো চাপ ছিল না। রোজার দিন, সেই সঙ্গে শুক্রবার থাকায় মহাসড়কে যাত্রীর সংখ্যাও ছিল একেবারে কম। এই সুযোগে উল্টোপথে বেপরোয়া গতিতে যাত্রীবাহী বাস চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক। অন্যদিকে নিজের সাইড দিয়ে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন এক যুবক। রাস্তায় মুখোমুখি হলে মোটরসাইকেলটির কড়া ব্রেক কষেন চালক। এতে বাইকটি পিছলে আলোকিত মধুপুর সিটিং সার্ভিস পরিবহনের ওই বাসের নিচে চলে যায়। মোটরসাইকেলচালক ছিটকে রাস্তার পাশে পড়ে যান। 
মোটরসাইকেলটি নিচে রেখেই চালক বাস চালাতে থাকেন। এক পর্যায়ে ঘর্ষণের ফলে বাসের নিচে আগুন ধরে যায়। বাসচালক টের পেয়ে গাড়ি থামাতে না থামাতেই পুরো বাস দাউ দাউ করে জ্বলতে শুরু করে। মুহূর্তের মধ্যে টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি পুড়ে যায়। একই সঙ্গে পুড়ে যায় বাসের নিচে থাকা মোটরসাইকেলটিও। গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ধরে যাওয়ার পরপরই চালক গাড়ি থামিয়ে বেরিয়ে পড়েন। একই সঙ্গে বাসে থাকা যাত্রীরাও বের হয়ে নিরাপদে চলে যান। তবে আহত মোটরসাইকেলচালককে আর পাওয়া যায়নি। কোন হাসপাতালে ভর্তি হয়েছেন সে তথ্যও নেই পুলিশের কাছে। 

ভোগরা মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরণ মিয়া বলেন, মোটরসাইকেলটি বাসের চাকায় পিষ্ট হয় এবং বাসে আগুন ধরে যায়। তবে বাসচালক ও যাত্রীদের কেউ আহত হননি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ ছিল, ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। 
স্থানীয় লোকজন মোটরসাইকেলচালককে হাসপাতালে নিয়ে যান বলে জানতে পেরেছি। তবে মোটরসাইকেলচালকের পরিচয় ও তাকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা জানাতে পারেননি এই কর্মকর্তা।
গাছা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঢাকার উদ্দেশে যাওয়া যানবাহনগুলো রাস্তার পূর্ব দিক দিয়ে যাওয়ার কথা। কিন্তু ওই বাস যাচ্ছিল পশ্চিম দিক দিয়ে। নিজের সাইড দিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল মোটরসাইকেল। ফলে কিছু বুঝে উঠার আগেই বাসের নিচে চলে যায় মোটরসাইকেল। ভাগ্যক্রমে মোটরসাইকেল চালক ছিটকে পড়ে প্রাণে রক্ষা পান। তাঁর সম্পর্কে আর কিছু জানা যায়নি। বাসের চালক হেলপার ও মোটরসাইকেল চালককে পাওয়া যায়নি। 

আরও পড়ুন

×