গলাচিপায় নুরুল হক
কেউ প্রশাসনকে প্রভাবিত করতে পারবে না
নুরুল হক নুর
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৩৪
| প্রিন্ট সংস্করণ
গলাচিপা-দশমিনায় কোনো ধরনের চাঁদাবাজি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি। তিনি এলাকার রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কেউ যেন প্রশাসনকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি।
শুক্রবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা অফিসার্স ক্লাবে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এসব কথা বলেন। তিনি বলেন, কেউ রাজনৈতিক দল বা পদ-পদবি ব্যবহার করে প্রশাসনকে প্রভাবিত করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দিন।
প্রতিমন্ত্রী আরও বলেন, টোল আদায়ের নামে কৃষকদের কোনো ধরনের হয়রানি করা যাবে না। সরকারি কোনো সুবিধা পেতে আসা সাধারণ মানুষকে যেন ভোগান্তিতে পড়তে না হয়, সেদিকে নজর রাখতে স্থানীয় প্রশাসনের প্রতিও তিনি আহ্বান জানান।
সভার শুরুতে উপজেলার বিভিন্ন শিক্ষক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করে নেয়। গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সভাপতি মু. হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ইউএনও মাহমুদুল হাসান। আরও বক্তব্য দেন গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মু. ফোরকান কবির, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মু. নিজামউদ্দীন, মধ্য চরবিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হালিম মিয়া, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মু. ইখতিয়ার কবির, শিপলু খান প্রমুখ।
- বিষয় :
- নুরুল হক নুর
