ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেলার মাঠ ইজারা, ডাকে জমা পড়ল সাড়ে ৭ কোটি টাকা

মেলার মাঠ ইজারা, ডাকে জমা পড়ল সাড়ে ৭ কোটি টাকা
×

 বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ০৯:০৯

| প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাঘায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী মেলার মাঠ ইজারাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাজার প্রাঙ্গণে আয়োজিত মাত্র ৩০ মিনিটের এক উন্মুক্ত ডাকে অংশগ্রহণকারীদের বিডি (সিকিউরিটি মানি) বাবদ জমা পড়েছে সাত কোটি ৫০ লাখ টাকা। এবারের ইজারা প্রক্রিয়ায় প্রথমবারের মতো এক নারী নেত্রীর অংশগ্রহণ ছিল বিশেষ আকর্ষণ।
মাজার পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই ডাকে ১০ লাখ টাকা করে বিডি জমা দিয়ে মোট ৭৫ জন প্রতিযোগী অংশ নেন। এতে সর্বোচ্চ ১২ লাখ ৭০ হাজার টাকা ডাক দিয়ে ১৪ দিনের জন্য মেলার মাঠ ইজারা পান উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম। ইজারা প্রাপ্তিতে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিলেন যথাক্রমে রবিউল ইসলাম (১২ লাখ ৬৫ হাজার টাকা) এবং মিজানুর রহমান সুমন (১২ লাখ ৬০ হাজার টাকা)। গত বছরও শফিকুল ইসলাম ১২ লাখ টাকায় এই মাঠ ইজারা নিয়েছিলেন।

এবারের ডাকে ৭৩ নম্বর সিরিয়ালে বিএনপি দলের এক নারী নেত্রী অংশ নিয়ে ১২ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত ডাক দেন। তবে সর্বোচ্চ ডাকের কাছে তিনি পিছিয়ে পড়েন।
মাজার পরিচালনা কমিটি মেলা পরিচালনার জন্য ১৯টি কঠোর শর্ত জুড়ে দিয়েছে। যার মধ্যে অন্যতম হলো–ডাকের সম্পূর্ণ অর্থ নগদ প্রদান, মেলায় যাত্রা, নাচ-গান, পুতুল নাচ, জুয়া খেলা, লটারি বা অসামাজিক কোনো কার্যক্রম  চালানো যাবে না। ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি ফুট হিসেবে ১০০ টাকা এবং আসবাবপত্র ক্রেতাদের কাছে শতকরা পাঁচ টাকার বেশি খাজনা আদায় করা যাবে না। মেলার শান্তিশৃঙ্খলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
ইজারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও শাম্মী আক্তার, মাজারের মোতাওয়াল্লি খন্দকার আনোয়ারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক (অব.) জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। 
 

আরও পড়ুন

×