ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিএনপির সঙ্গে সংঘর্ষ জীবননগরে আহত সেই জামায়াত নেতার মৃত্যু

বিএনপির সঙ্গে সংঘর্ষ জীবননগরে আহত সেই জামায়াত নেতার মৃত্যু
×

ছবি : সংগৃহীত

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৫:০৭

চুয়াডাঙ্গার জীবননগরে গত ১৮ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান (৪২) মারা গেছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ওই সংঘর্ষে মফিজুল ইসলামের বড় ভাই হাফিজুর রহমানও (৪৫) নিহত হন।

মফিজুল রহমান ও হাফিজুর রহমান জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের মৃত ওয়াহেদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১৩ ফেব্রুয়ারি হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দেশি অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের মারতে সুটিয়া যান।

এ সময় জামায়াত কর্মীরা মেহেদীকে মারধর করে সুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আটকে রেখে পুলিশে দেন। এর জেরে গত ২৮ ফেব্রুয়ারি সুটিয়া গ্রামের বাসিন্দা জামায়াত কর্মী খায়রুল ইসলাম হাসাদহ বাজারে গেলে মেহেদী ও তার সহযোগীরা তাঁকে পিটিয়ে আহত করে।

এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। হামলায় জামায়াত নেতা মফিকুল, হাফিজুরসহ ছয়জন গুরুতর আহত হন। এর মধ্যে যশোরে হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে হাফিজুর মারা যান। তাঁর ছোট ভাই মফিজুর এতদিন ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

জীবননগর থানার ওসি জানান, হাফিজুর রহমান হত্যা মামলায় নিহতের ভাই আমির হোসেন ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

আরও পড়ুন

×