ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বৃহত্তর নোয়াখালীর দুঃখ দূর করতে ভুলুয়া নদী পুনরুদ্ধার করা হবে: পানিসম্পদমন্ত্রী

বৃহত্তর নোয়াখালীর দুঃখ দূর করতে ভুলুয়া নদী পুনরুদ্ধার করা হবে: পানিসম্পদমন্ত্রী
×

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানী

লক্ষ্মীপুর ও রামগতি প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ০২:০৮

বৃহত্তর নোয়াখালীর দুঃখ দূর করতে ভুলুয়া নদী দখলমুক্ত করার সংকল্প জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। শনিবার তিনি লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার কয়েকটি এলাকায় মেঘনা নদী তীর রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন। 

এদিন দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ব্রীজঘাট এলাকায় মন্ত্রী বলেন, ‘অবৈধ দখল ও ময়লা-আবর্জনা সরানো না গেলে আমাদের দুঃখ পোহাতে হবে। একটি দেশপ্রেমিক সরকার তারেক রহমানের নেতৃত্বে সকল বিভাগের সঙ্গে সমন্বয় করে এই ভুলুয়া নদীটি দখলমুক্ত করে পুনরুদ্ধার কাজ সম্পন্ন করা হবে।’

তিনি উপজেলার বড়খেরি, বিবিরহাট আসলপাড়া, রামগতি টাংকি, বয়ার চরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে তীর রক্ষা বাঁধের নির্মাণকাজ পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এলাকাবাসী নদীভাঙনের কারণে তাদের ঘরবাড়ি, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কার কথা তুলে ধরেন। তারা দ্রুত কাজ শেষ করে স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধের দাবি জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ বুঝিয়ে না দেওয়া হলে, অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে তদন্ত করা হবে। কোনো ধরনের দুর্নীতি বা গাফিলতি বরদাশত করা হবে না।

এর আগে বেলা ১১টার দিকে শহীদউদ্দীন চৌধুরী এ্যানী কমলনগরের পাটোয়ারীহাট ইউনিয়নের লুধুয়াহাট এলাকায় তীর রক্ষা বাঁধের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি, ব্যয় ও নির্ধারিত সময়সীমা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

মন্ত্রীর সঙ্গে ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. শাহাদত হোসেন সেলিম, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

আরও পড়ুন

×