ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সরকারি কর্মকর্তা হোক বা রাজনৈতিক ব্যক্তি—দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা: পানিসম্পদমন্ত্রী

সরকারি কর্মকর্তা হোক বা রাজনৈতিক ব্যক্তি—দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা: পানিসম্পদমন্ত্রী
×

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১৬:২২

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, সরকার দুর্নীতির বিষয়ে সর্বদা সতর্ক। কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে সে সরকারি কর্মকর্তা হোক বা রাজনৈতিক ব্যক্তি—তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্বগ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিগত সময়ে বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্পে ‘মেগা দুর্নীতি’ হয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, সারাদেশে অসংখ্য মেগা প্রকল্প গ্রহণ করা হলেও এর প্রকৃত সুফল গ্রামীণ সাধারণ মানুষ পায়নি। কিছু প্রকল্প সাময়িকভাবে প্রয়োজনীয় হলেও অনেক প্রকল্প ছিল, যেগুলো গত ১৭ বছরেও না করলেও চলত। আবার কিছু জরুরি প্রকল্প বাস্তবায়ন করা হলেও সেগুলোর ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রী অভিযোগ করে বলেন, এক হাজার কোটি টাকার প্রকল্প দশ হাজার কোটি টাকায় বাস্তবায়ন করা হয়েছে। এভাবে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে।

দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ বিভাগ, সিভিল প্রশাসন, সড়ক বিভাগ কিংবা এলজিইডি যেখানেই হোক, কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। এ বিষয়ে প্রশাসককে সম্পূর্ণ দায়ভার নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

লক্ষ্মীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। এছাড়া জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×